একই ধরনের চরিত্রে আটকে থাকতে রাজি নন অভিনেত্রী তাপসী পন্নু। নিজের ভাবনা স্পষ্ট করলেন নায়িকা নিজেই।

শক্তিশালী, স্বাধীনচেতা নারী চরিত্রে অভিনয় করেই বলিউডে নিজের আলাদা জায়গা তৈরি করেছেন তাপসী পন্নু। ‘পিঙ্ক’, ‘থাপ্পড়’, ‘বদলা’, ‘মুল্ক’, ‘হাসিন দিলরুবা’-র মতো ছবিতে তাঁর চরিত্র বার বার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে প্রচলিত সামাজিক ধারণাকে। কিন্তু সেই পরিচয়ই এখন তাঁর কাছে খানিকটা ‘খাঁচা’ হয়ে উঠছে। একই ধরনের চরিত্রে বার বার অভিনয় করতে চান না অভিনেত্রী। বরং পর্দায় নিজেকে আরও নানা ভাবে মেলে ধরতে চান তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তাপসী জানিয়েছেন, ইন্ডাস্ট্রিতে অভিনেত্রীদের একটি নির্দিষ্ট ধারার মধ্যে আটকে দেওয়ার প্রবণতা এখনও রয়েছে। তাঁর কথায়, ‘গ্ল্যামারাস’ চরিত্রের জন্য যেমন কয়েক জন নির্দিষ্ট অভিনেত্রীর কথা ভাবা হয়, তেমনই কঠিন বা সামাজিক সমস্যাভিত্তিক ছবির জন্যও অন্য একটি নির্দিষ্ট তালিকা রয়েছে। আর এই ‘টাইপকাস্টিং’-এর বিরুদ্ধেই তাঁর আপত্তি।
তাপসীর বক্তব্য, “সবাই নিজের সুবিধাজনক জায়গায় ফিরে যাচ্ছেন, পরীক্ষিত পদ্ধতিই অনুসরণ করছেন।” এমন পরিস্থিতিতে কোনও ছবির প্রস্তাব তাঁর কাছে এলে গল্প বা চরিত্র পছন্দ না হলে শুধু ‘না’ বলেই থেমে থাকছেন না তিনি। নির্মাতাদের সরাসরি জানিয়ে দিচ্ছেন, দর্শক যদি আগেই ছবির পরিণতি আঁচ করে ফেলতে পারেন, তা হলে সেই ছবিতে তাঁকে নেওয়াও হয়তো ছবিটির জন্য ভাল হবে না। এমনকি কয়েকটি ছবিতে নিজেকেই তিনি ইচ্ছাকৃত ভাবে ‘ডি-সেল’ করেছেন—অর্থাৎ নির্মাতাদের নিরুৎসাহিত করেছেন তাঁকে নেওয়া থেকে।
তবে এই পরিস্থিতির নেপথ্যে রয়েছে তাঁর অভিনয়জীবনের শুরুর দিনগুলিও। তাপসীর দাবি, বলিউডে পা রাখার সময় তথাকথিত ‘নায়িকাকেন্দ্রিক’ চেনা চরিত্রের সুযোগ তাঁর সামনে খুব একটা ছিল না। ফলে অন্য ধরনের, তুলনায় কঠিন চরিত্রই বেছে নিতে হয়েছিল তাঁকে। পরে সেই ছবিগুলিই জনপ্রিয় হওয়ায় তাঁর সেই পরিচয় আরও পাকাপোক্ত হয়েছে।
তাপসীর কথায়, “এটা অনেকটা তুষারগোলকের মতো। কেরিয়ারের শুরুতে নিয়মমাফিক, চেনা ছকের চরিত্রের কোনও বিকল্প আমার সামনে ছিল না। তাই অন্য ধরনের চরিত্র বেছে নিয়েছিলাম। ভাগ্যক্রমে সেই ছবি ও চরিত্রগুলিই পরে মূলধারায় জায়গা করে নেয়।”
একই ধরনের চরিত্রের পর পর অভিনয় করা মানসিক ভাবেও স্বাস্থ্যকর নয় বলে মনে করেন তাপসী। তাই এবার চরিত্র বাছাইয়ের ক্ষেত্রে আরও বেশি বৈচিত্র চান তিনি। ২০২৪-এর ‘খেল খেল মে’-র মতো হালকা মেজাজের, মজার ছবিতেও অভিনয় করতেও তাঁর আপত্তি নেই।
এই মুহূর্তে তাপসীর নজর তাঁর নতুন ছবি ‘গান্ধারী’-তে। নেটফ্লিক্সে আগামী ৩ সেপ্টেম্বর মুক্তি পাবে ছবিটি। সেখানে তাঁকে দেখা যাবে বাণীর চরিত্রে—এক মা, যার মেয়েকে অপহরণ করা হয়েছে। মেয়েকে উদ্ধার করতে এক বিপজ্জনক, নিরলস অভিযানে নেমে পড়ে সে। ফের শক্তিশালী চরিত্র হলেও, তাপসীর সাম্প্রতিক বক্তব্য স্পষ্ট—একটি নির্দিষ্ট ছকে তাঁকে আর বেঁধে রাখা যাবে না। অভিনেত্রী হিসাবে তাঁর পরবর্তী চ্যালেঞ্জ, সেই ছক ভেঙেই আরও নতুন নতুন চরিত্রে নিজেকে আবিষ্কার করা।