গোল করেও উদ্‌যাপন ভুললেন, সতীর্থ এসে সে কথা মনে করাতেই অদ্ভুত কাণ্ড ঘটালেন রোনাল্ডো! কী করলেন?

Spread the love

শুক্রবার রাতে আল তাউয়োনের বিরুদ্ধে খেলতে নেমে গোল করেছেন ৪১ বছর বয়সি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ২-১ ব্যবধানে জিতেছে আল নাসের

চলতি বিশ্বকাপে নজির গড়তে না পারলেও, বিশ্বকাপ পরবর্তী মরসুম মন্দ কাটছে না পর্তুগিজ তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। ইতিমধ্যে বহু দিনের প্রেমিকা জর্জিনা রদ্রিগেজ়ের সঙ্গে বিয়ে সেরেছেন। শুক্রবার রাতে আল তাউয়োনের বিরুদ্ধে খেলতে নেমে গোলও করেছেন ৪১ বছর বয়সি রোনাল্ডো। ২-১ ব্যবধানে জিতেছে আল নাসের। শুক্রবার রাতে ফুটবলজীবনের ৯৭৮তম গোল করলেন রোনাল্ডো।

গোল করার পর রোনাল্ডোর আনন্দ উদ্‌যাপনের ধরন প্রায় সকল ফুটবলপ্রেমীর কাছেই অতি পরিচিত। ‘সিউ’ বলে চিৎকার করে মাঠের কোনায় গিয়ে দর্শকের সামনে ঝাঁপিয়ে পড়েন রোনাল্ডো। কিন্তু শুক্রবার রাতে তেমনটা করলেন না তিনি। সতীর্থ সাদিও মানের কাছে বিষয়টি অদ্ভুত ঠেকল। তিনি তাই রোনাল্ডোকে সে কথা জানালেন। তার পর কী করলেন রোনাল্ডো? সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, গোলের পর মাঠের ধারে দাঁড়িয়ে জল খাচ্ছেন রোনাল্ডো। কথা বলছেন দলের বাকিদের সঙ্গে। সেই সময় রোনাল্ডোর কাছে ছুটে এলেন সতীর্থ সাদিও মানে। তিনি এসে রোনাল্ডোর কানে কানে জানালেন যে গোল করার পর তিনি ‘সিউ’ করে উদ্‌যাপন করেননি। সেটি করতে ভুলে গিয়েছেন। সতীর্থের কথা শুনেই মাঠে জলের বোতল রেখে ছুটতে শুরু করলেন রোনাল্ডো। তার পর সেই পুরনো ছন্দে লাফিয়ে উঠলেন। শূন্যে ঘুরে হাত দুটো পাশে নামিয়ে চিৎকার করলেন ‘সিউ’। দর্শকও ‘সিউ’ বলে চিৎকার করে উঠলেন। আল নাসেরের সতীর্থেরা ছুটে গেলেন রোনাল্ডোর কাছে। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।

‘কিকজিএইচ.কম’ নামের ফেসবুক অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে ৩৭ হাজার বার ভিডিয়োটি দেখে ফেলা হয়েছে। প্রতিক্রিয়া এবং মন্তব্যের ঝড় উঠেছে। অধিকাংশ নেটাগরিক রোনাল্ডোর খুশি দেখে আপ্লুত। এক নেটাগরিক মন্তব্য করেছেন, ‘রোনাল্ডো অবসর নেওয়ার আগে ১০০০টি গোল করে ফেলবেন।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *