নতুন নিম্নচাপ অঞ্চল শনিবারই তৈরি হচ্ছে সাগরে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গ জুড়ে ফের ভারী বৃষ্টির পূর্বাভাস

Spread the love

উত্তর বঙ্গোপসাগরের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। সমুদ্রতল থেকে তার উচ্চতা ৭.৬ কিলোমিটার। এর প্রভাবে শনিবার পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলের কাছে একটি নতুন নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে।

বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ অঞ্চল তৈরি হতে চলেছে। তার জেরে পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ অংশে ঝড়বৃষ্টি চলবে। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। ভিজবে কলকাতাও। সেই সঙ্গে উত্তরবঙ্গেও বৃষ্টি ফের বাড়তে পারে।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগরের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। সমুদ্রতল থেকে তার উচ্চতা ৭.৬ কিলোমিটার। এর প্রভাবে শনিবার পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলের কাছে একটি নতুন নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে। বর্ষাকালীন অক্ষরেখা পঞ্জাব, হিমাচল প্রদেশ, উত্তরপ্রদেশ, বিহার হয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে। বাঁকুড়া থেকে তা দক্ষিণে বাঁক নিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এর প্রভাবে কিছু দিন দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি চলবে।

কলকাতা, হুগলি, উত্তর ২৪ পরগনায় শনিবার ভারী বর্ষণের সতর্কতা রয়েছে। হাওড়া, দক্ষিণ ২৪ পরগনায় তা চলবে রবিবার পর্যন্ত। পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে রবিবার অতি ভারী বর্ষণের (৭ থেকে ২০ সেন্টিমিটার) সতর্কতা রয়েছে। সোম ও মঙ্গলবারও ভারী বৃষ্টি চলবে ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায়। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি হবে। এখনই ভারী বর্ষণের সম্ভাবনা নেই। মঙ্গলবারের পর থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়বৃষ্টি কমতে চলেছে।

উত্তরবঙ্গেও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। শনিবার উত্তরের সব জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। রবিবার জলপাইগুড়ি এবং সোমবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি (৭ থেকে ১১ সেন্টিমিটার) হতে পারে।

শনিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ০.৬ ডিগ্রি বেশি। শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৬ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ০.১ ডিগ্রি কম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *